Last Updated:
বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি বাড়ির মালিককে খবর দেন তাঁরা। প্রায় এক ঘণ্টা পর বাড়িতে ফিরে আসেন রাজেন মুর্মু। ঘরের ভিতরে ঢুকতেই চুরির বিষয়টি স্পষ্ট হয়। ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা।
সুজন সূত্রধর, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর: বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগেই দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। আলমারি থেকে নগদ প্রায় ৩ লক্ষ টাকা, সোনার গয়না, রুপোর গয়না-সহ একাধিক মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। রবিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বুনিয়াদপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শ্যামাপল্লি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর শ্যামাপল্লির বাসিন্দা রাজেন মুর্মু গত শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে মালদহ জেলার নালাগোলায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেই সুযোগে ফাঁকা বাড়িটিকে নিশানা করে দুষ্কৃতীরা। অভিযোগ, বাড়ির মূল দরজার তালা ভেঙে ভিতরে ঢোকে তারা। এরপর ঘরের আলমারি খুলে নগদ প্রায় ৩ লক্ষ টাকা, সোনার গয়না, রুপোর গয়না-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়। রবিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে, বাড়ির মূল দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি বাড়ির মালিককে খবর দেন তাঁরা। প্রায় এক ঘণ্টা পর বাড়িতে ফিরে আসেন রাজেন মুর্মু। ঘরের ভিতরে ঢুকতেই চুরির বিষয়টি স্পষ্ট হয়। ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান পরিবারের সদস্যরা।
এরপরই খবর দেওয়া হয় বংশীহারী থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মালিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে। কী কী সামগ্রী চুরি হয়েছে, তা খতিয়ে দেখার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে এভাবে চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পুলিশের প্রাথমিক অনুমান, নেশায় আসক্ত কিছু যুবক এই ধরনের চুরির ঘটনায় জড়িত থাকতে পারে। যদিও ঘটনার পিছনে কারা রয়েছে, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

