Last Updated:
তবে শুধু তালিকা দেখেই কাউকে অযোগ্য ঘোষণা করা যাবে না। সরেজমিনে তদন্ত করে নিশ্চিত হওয়ার পরই সংশ্লিষ্ট ব্যক্তির নাম সরকারি পোর্টালে অযোগ্য হিসেবে চিহ্নিত করতে হবে। তদন্তে অন্য কোনও অযোগ্য উপভোক্তার সন্ধান মিললেও একই ব্যবস্থা নিতে হবে।
সোমরাজ বন্দ্য্যোপাধ্যায়, কলকাতা: অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা নিয়ে এবার বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এই প্রকল্পে অযোগ্য ব্যক্তিরা টাকা পাচ্ছেন কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিল নবান্ন। আজ, বুধবারের মধ্যেই গোটা যাচাই প্রক্রিয়া শেষ করতে হবে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার কমিশনার এবং সমস্ত জেলার জেলাশাসকদের চিঠি দিয়ে এই নির্দেশ জানিয়েছে রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর।
রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে অন্নপূর্ণা যোজনা চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। অক্টোবর মাসে যাঁরা এই প্রকল্পের টাকা পেয়েছেন, এবার তাঁদের তালিকা নতুন করে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২ নভেম্বর রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের সচিবের তরফে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, উপভোক্তা তালিকায় কোনও অযোগ্য ব্যক্তির নাম রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে।
বিশেষ করে সরকারি চাকরিজীবী, আয়করদাতা এবং মৃত ব্যক্তিদের নাম উপভোক্তা তালিকায় রয়েছে কি না, তা যাচাই করতে বলা হয়েছে। এই সংক্রান্ত একটি প্রাথমিক তালিকাও সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে।
পাশাপাশি, অন্নপূর্ণা যোজনার টাকা যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, তাঁদের সমস্যার সমাধানের নির্দেশও দেওয়া হয়েছে। আধার সংক্রান্ত তথ্য সংশোধন বা অ্যাকাউন্ট সক্রিয় করার প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আজ, বুধবারের মধ্যেই এই সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ফলে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা আরও নির্ভুল করতে জেলা প্রশাসনগুলিকে দ্রুত পদক্ষেপ করতে হবে।

