Last Updated:
অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয়বার মোটরসাইকেল, স্কুটার বা ইলেকট্রিক বাইক কেনার জন্য সর্বোচ্চ ৯০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম পাওয়া যাবে।
কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! মোটরসাইকেল, স্কুটার এবং ইলেকট্রিক বাইক কেনার ক্ষেত্রে অগ্রিম টাকার ঊর্ধ্বসীমা বাড়াল রাজ্য সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। নতুন নিয়মে প্রথমবার সাধারণ মোটরসাইকেল বা স্কুটার কেনার জন্য সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম নিতে পারবেন সরকারি কর্মীরা। অন্যদিকে, ইলেকট্রিক বাইক বা স্কুটার কেনার ক্ষেত্রে অগ্রিমের সর্বোচ্চ সীমা দেড় লক্ষ টাকা।
অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয়বার মোটরসাইকেল, স্কুটার বা ইলেকট্রিক বাইক কেনার জন্য সর্বোচ্চ ৯০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম পাওয়া যাবে। তবে এই সুবিধা পেতে সরকারি কর্মীদের মাসিক মূল বেতন অন্তত ২৫ হাজার ৭০০ টাকা হতে হবে। অগ্রিমের পরিমাণ নির্ধারণের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট হিসাব। সাধারণ মোটরসাইকেল বা স্কুটারের জন্য পাঁচ মাসের মূল বেতন এবং ইলেকট্রিক বাইক বা স্কুটারের জন্য ছয় মাসের মূল বেতনের সমপরিমাণ টাকা অগ্রিম দেওয়ার নিয়ম রয়েছে। তবে গাড়ির সম্ভাব্য দাম, নির্ধারিত সর্বোচ্চ সীমা এবং সংশ্লিষ্ট কর্মীর বেতনের হিসাব—এই তিনটির মধ্যে যে অঙ্কটি সবচেয়ে কম, সেই পরিমাণ টাকাই অগ্রিম হিসেবে পাওয়া যাবে।
অগ্রিম নেওয়া টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা রয়েছে। মূল অঙ্ক সর্বোচ্চ ৬০টি মাসিক কিস্তিতে এবং সুদের টাকা সর্বোচ্চ ২০টি মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। রাজ্য সরকারি কর্মীদের দু’চাকার গাড়ি কেনার সুবিধা আরও বাড়াতেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। নতুন বিজ্ঞপ্তির ফলে বাইক, স্কুটার কিংবা ইলেকট্রিক দু’চাকার গাড়ি কেনার ক্ষেত্রে সরকারি কর্মীরা আগের তুলনায় বেশি অগ্রিম পাওয়ার সুযোগ পাবেন।

