Last Updated:
Dengue: পশ্চিম মেদিনীপুরের পিংলার বলিশ্বরপুরে ডেঙ্গুর সংক্রমণ ঘিরে আতঙ্ক! একই পরিবারের চার সদস্য আক্রান্ত, তাঁদের মধ্যে একজন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ICU-তে চিকিৎসাধীন।
পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের পিংলায় ডেঙ্গুর সংক্রমণ ঘিরে ছড়াল আতঙ্ক। একই পরিবারের চার সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে পিংলা থানার অন্তর্গত খিরাই ৬ নম্বর অঞ্চলের বলিশ্বরপুর এলাকায়। আক্রান্তদের মধ্যে একজন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে, একজন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ICU-তে চিকিৎসাধীন। পরিবারের আরও দু’জন পিংলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু একটি পরিবারেই নয়, গোটা এলাকাতেই ছড়াচ্ছে ডেঙ্গুর সংক্রমণ। তাঁদের অভিযোগ, বলিশ্বরপুর এলাকায় ইতিমধ্যেই প্রায় ১০ থেকে ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। যদিও হাসপাতাল সূত্রে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রের দাবি, এলাকায় এখনও পর্যন্ত প্রায় তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাঁরা বর্তমানে সুস্থতার পথে।
এলাকার বাসিন্দা পঙ্কজ কুমার সেনাপতি জানান, একই পরিবারের তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের একাধিক সদস্যের আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে এলাকায়।
পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই এলাকায় পরিদর্শনে গিয়েছেন পিংলা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ। পাশাপাশি, মশার উপদ্রব নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় ভিআরপি কর্মীদের মাধ্যমে স্প্রে করার কাজও চলছে।
তবে বাসিন্দাদের দাবি, শুধু মশা মারার স্প্রে করলেই সমস্যার সমাধান হবে না। ডেঙ্গু প্রতিরোধে এলাকায় সরকারি উদ্যোগে সচেতনতা শিবিরের আয়োজন করতে হবে। পাশাপাশি, নিয়মিত সাফাই অভিযান চালানো এবং জমা জল পরিষ্কারের ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তাঁরা। এখন ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে প্রশাসন কী পদক্ষেপ করে, সেদিকেই নজর বলিশ্বরপুরের বাসিন্দাদের।

