Last Updated:
Howrah Dengue Cases: ডেঙ্গি মোকাবিলায় বেহাল পরিকাঠামো, তৃণমূল আমলে কেনা কোটি টাকার মেশিন অকেজো, সরকারি অর্থের অপচয় নিয়ে প্রশ্ন।
হাওড়া: তৃণমূল জমানায় কয়েক কোটি টাকা খরচ করে কেনা হয়েছিল মশা মারার ধোঁয়া দেওয়ার ৭টি মেশিন। কিন্তু বছরের পর বছর অব্যবহারে পড়ে থেকে বর্তমানে সেগুলি সম্পূর্ণ অকেজো। ফলে ডেঙ্গি মোকাবিলায় কার্যত সমস্যায় পড়েছে হাওড়ার ডোমজুড় ব্লক প্রশাসন। একদিকে মশা নিয়ন্ত্রণের পরিকাঠামো নষ্ট, অন্যদিকে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সরকারি টাকার অপচয় নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
দুর্গাপুজোর মরসুমে হাওড়ায় ডেঙ্গির বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য দপ্তর। বিশেষ করে ডোমজুড় বিধানসভা এলাকায় পরিস্থিতি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশে ডেঙ্গি আক্রান্ত এলাকাগুলিতে মশা মারার ধোঁয়া দেওয়ার উদ্যোগ নিতে গিয়ে সামনে আসে মেশিনগুলির বেহাল অবস্থা। কয়েক বছর আগে ডোমজুড়ের জন্য স্বাস্থ্য দফতর থেকে সাতটি মেশিন দেওয়া হলেও দীর্ঘদিন ব্যবহার না করায় সেগুলি আর কাজ করছে না।
এক সপ্তাহে ডোমজুড়ে আক্রান্ত ৮০ থেকে বেড়ে ১০৬
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, হাওড়া শহর ও গ্রামীণ এলাকা মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৫৫০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। শুধু ডোমজুড়েই গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৮০ থেকে বেড়ে ১০৬ হয়েছে। বাঁকড়া ১ নম্বর এলাকার নিউ মণ্ডলপাড়ায় আক্রান্তের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। বাঁকড়া ২ ও বাঁকড়া ৩ নম্বর এলাকায় আক্রান্ত হয়েছেন আরও ২০ জন।
স্বাস্থ্য দফতরের আধিকারিকদের অভিযোগ, শুধু মশা মারার মেশিন নষ্ট হয়ে পড়ে থাকাই নয়, গত কয়েক বছর ধরে ডোমজুড়ে ঠিকমতো আবর্জনা পরিষ্কার হয়নি। ভেক্টর সার্ভিল্যান্স টিমও যথাযথভাবে কাজ করেনি। মশার লার্ভা ধ্বংস করতে নিয়মিত লার্ভিসাইড ছড়ানোর কাজও হয়নি। গত পাঁচ বছরে পঞ্চায়েতের তরফে ডেঙ্গি প্রতিরোধে কোনও বড় অভিযান চালানো হয়নি বলেও অভিযোগ।
ডোমজুড়ের তৃণমূল বিধায়ক তাপস মাইতি বলেন, মেশিনগুলি কীভাবে খারাপ হল, তা খতিয়ে দেখা হচ্ছে। পঞ্চায়েত দফতরগুলির মধ্যে সমন্বয়ের অভাব থাকলে তা মেটানোর চেষ্টা চলছে।
অন্যদিকে, এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ডোমজুড়ের BDO। সব মিলিয়ে কয়েক কোটি টাকা খরচ করে কেনা সরকারি মেশিন বছরের পর বছর অব্যবহারে পড়ে থেকে নষ্ট হওয়ায় সরকারি অর্থের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি, ডেঙ্গি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।
দেবাশিস চক্রবর্তী

