Last Updated:
এবারের নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার মেমারির বিধায়ক হয়েছেন মানব গুহ৷ মহালয়ার ভোরে এই উদ্যোগ নিয়েছিলেন বিধায়ক৷
এ এক অন্যরকম ভোর। এক অন্য রকম অনুভূতির স্বাক্ষী থাকলেন পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দারা। মহালয়ার ভোরে এই এলাকায় এমন এক ঘটনা ঘটলো যা আগে কখনও হয়নি। ভাবছেন কী এমন হল, তাই তো! নিজের বিধানসভা এলাকার বাসিন্দাদের মহিষাসুরমর্দিনী শোনালেন মেমারির বিধায়ক মানব গুহ। মেমারি শহরজুড়ে রেডিও-র এই অনুষ্ঠান মাইকে শোনানো হলো। মেমারির চকদিঘি মোড় ও বামুনপাড়া মোড় থেকে তা পরিচালনা করা হল।
কেন এই উদ্যোগ? বিধায়ক বলেন, নতুন সরকারের আমলে প্রথম পুজো। অনেকের ঘরে হয়তো এখন আর রেডিও নেই। অনেকের ইচ্ছে থাকলেও মহালয়া শোনা হয় না। সেজন্যই এই উদ্যোগ নিয়েছি। শুধু মেমারি শহরে নয়, গ্রামীণ এলাকাতেও এই উদ্যোগ নেওয়া হয়। ভোরবেলা হওয়ায় মানুষের অসুবিধার কথাও মাথায় রাখা হয়৷ তাই মাইকের আওয়াজও কম রেখে এই অনুষ্ঠান শোনানো হল। রেডিওতে যে সময়ে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় সেই সময়ই আমরাও বাসিন্দাদের সাউন্ড সিস্টেমের মাধ্যমে তা শোনানোর ব্যবস্হা করেছিলাম।
বিধায়কের এই উদ্যোগে খুশি মেমারির বাসিন্দারা। তাঁরা বলছেন, আজকের প্রজন্মের অনেকেই হয়তো টিভিতে মহালয়া দেখেন। কিন্তু রেডিও-কে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই স্তোত্রপাঠের সঙ্গে অনেকে পরিচিত নয়। বিধায়কের এই উদ্যোগ আমাদের ঐতিহ্য, পরম্পরার প্রতি নতুন প্রজন্মেরও শ্রদ্ধা বাড়ালো।
প্রসঙ্গত আজই ইডেন গার্ডেনে দুর্গাপুজোর আগমনী বার্তা দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন সরকারের আমলে রাজ্যে ১২৪০০ নতুন দুর্গা পুজোর অনুমোদন দেওয়া হয়েছে৷

