Headlines

Suvendu Adhikari: ‘কোনও ভোটে জিততে পারবে না’, দিল্লির আন্দোলন নিয়ে শিলিগুড়িতে দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশে হুঙ্কার শুভেন্দুর | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

উত্তরবঙ্গে উন্নয়নের একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী বছর হাসিমারা বিমানবন্দর উদ্বোধন, শিলিগুড়িতে আইআইটি-আইআইএম গড়া এবং ২০২৯-এর আগে সব বিমানবন্দরের কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন তিনি।

দিল্লির আন্দোলন নিয়ে শিলিগুড়ি থেকে বিরোধীদের হুঙ্কার শুভেন্দুর
দিল্লির আন্দোলন নিয়ে শিলিগুড়ি থেকে বিরোধীদের হুঙ্কার শুভেন্দুর

শিলিগুড়ি: উত্তরবঙ্গকে ঘিরে একগুচ্ছ উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়িতে আইআইটি এবং আইআইএম গড়ার পাশাপাশি হাসিমারা বিমানবন্দর আগামী বছর উদ্বোধন করার কথা ঘোষণা করেছেন তিনি। এর পর কলাইকুন্ডা বিমানবন্দর নিয়েও কাজ এগোনোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২৯ সালের আগেই সব বিমানবন্দরের কাজ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বক্তব্যে শিলিগুড়িকে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে তুলে ধরেন শুভেন্দু। তাঁর কথায়, “শিলিগুড়ি আমাদের ভদ্রাসন।” সেখানে আইআইটি এবং আইআইএম গড়ার জন্য জায়গা দেখা হচ্ছে বলেও জানান তিনি। একই সঙ্গে দার্জিলিঙে বিজেপিকে রাজনৈতিক জায়গা দেওয়ার জন্য স্থানীয় মানুষকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী।

এ দিনের সভা থেকে রাজবংশী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও আলোচনার কথা জানান শুভেন্দু। তাঁর দাবি, প্রায় ৩৫৫ জন রাজবংশী সমাজের বিশিষ্ট মানুষের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। তাঁদের মধ্যে পদ্মশ্রী মহেন্দ্র রায় এবং বিশিষ্ট সঙ্গীতশিল্পী গীতা বর্মনের নামও উল্লেখ করেন তিনি। বিজেপি কর্মীদের পাশাপাশি রাস্তার দু’ধারে সাধারণ মানুষের ভিড় এবং ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম্’ স্লোগানের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক বক্তব্যে বিরোধীদেরও তীব্র আক্রমণ করেন শুভেন্দু। দিল্লিতে গিয়ে পিসি-ভাইপো আন্দোলন করছেন বলে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, দেশে ক্ষমতায় আসতে হলে নির্বাচনে লড়তে হবে এবং জিততে হবে। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিকে হারানো বিরোধীদের পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বিরোধীদের উদ্দেশে তাঁর কটাক্ষ, “ভারতবর্ষে সব চলবে না।”

করোনা অতিমারি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের কথাও বলেন শুভেন্দু। তাঁর দাবি, ২০২১ সালে ভারতীয় বিজ্ঞানীদের হাত ধরে তিনটি করোনা টিকা তৈরি হয়েছিল। বিশ্বের ৫৫টি দেশে ভারত টিকা পাঠিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ইউক্রেনে আটকে থাকা ৩০ হাজার ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানোর প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।

এ ছাড়াও রাজ্যে পুজোর আয়োজন, বিরোধী দলনেতা থাকাকালীন বিভিন্ন জায়গায় আমন্ত্রণ পাওয়ার অভিজ্ঞতা এবং আগামী দিনে শিলিগুড়িতে রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ তোলেন তিনি। ফেব্রুয়ারিতে শিলিগুড়িতেও একই ধরনের কর্মসূচি হবে বলে জানান শুভেন্দু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *