Headlines

CM Suvendu Adhikari: অন্য মণ্ডপে বাজছে ‘বন্দে মাতরম’, শুনেই মুখ্যমন্ত্রী যা করলেন…মুগ্ধ অতিথি থেকে দর্শক | লেটেস্ট কলকাতার খবর


Last Updated:

CM Suvendu Adhikari: অন্য কালীপুজোর মণ্ডপে মাইকে বেজে উঠেছে ‘বন্দে মাতরম’। সেই সঙ্গীত কানে আসতেই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে গলা মেলালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্য মণ্ডপে বাজছে 'বন্দে মাতরম', শুনেই মুখ্যমন্ত্রী যা করলেন
অন্য মণ্ডপে বাজছে ‘বন্দে মাতরম’, শুনেই মুখ্যমন্ত্রী যা করলেন

কলকাতা: অন্য একটি কালীপুজোর মণ্ডপে তখন গাওয়া হচ্ছে ‘বন্দে মাতরম’। মাইকের মাধ্যমে সেই সঙ্গীত কানে আসতেই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু উঠে দাঁড়ানোই নয়, মাইকে ভেসে আসা ‘বন্দে মাতরম’-এর সঙ্গে গলাও মেলালেন তিনি। মুখ্যমন্ত্রীর এই আচরণ দেখে প্রথমে কিছুটা হতভম্ব হলেও পরে মঞ্চে উপস্থিত অতিথি থেকে শুরু করে দর্শকরাও উঠে দাঁড়িয়ে তাঁর সঙ্গে গলা মেলান। কলকাতার একটি কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে ধরা পড়ল এমনই এক ব্যতিক্রমী ছবি।

শুক্রবার রাতে আমহার্স্ট স্ট্রিট লাগোয়া রাজা রামমোহন রায় সরণিতে আমহার্স্ট স্ট্রিট যুবশ্রী সঙ্ঘের কালীপুজোর উদ্বোধন করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্লাব সভাপতি তথা শিল্পমন্ত্রী তাপস রায়ের পুজো হিসেবেই পরিচিত যুবশ্রীর এই কালীপুজো।

পুজোর উদ্বোধন পর্ব মিটতেই মণ্ডপের ঠিক উল্টো দিকে বিশাল মঞ্চে শুরু হয় মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য অতিথিদের বরণ করার অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন পুজোর আয়োজক ক্লাবের সভাপতি তথা শিল্পমন্ত্রী তাপস রায়ও। অনুষ্ঠান ঘিরে হয়েছিল বিপুল জনসমাগম। আয়োজকদের তরফে একে একে অতিথিদের উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মান জানানো হচ্ছিল। মুখ্যমন্ত্রী, বিধায়ক, মন্ত্রী, কলকাতার পুর কমিশনার-সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে মঞ্চ তখন কার্যত চাঁদের হাট।

ঠিক সেই সময় কিছুটা দূরের অন্য একটি কালীপুজোর মণ্ডপে পরিবেশিত হচ্ছিল ‘বন্দে মাতরম’ সঙ্গীত। মাইকের মাধ্যমে সেই গান মুখ্যমন্ত্রীর কানে পৌঁছতেই নিজের চেয়ার ছেড়ে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান তিনি। মাইকে বেজে চলা ‘বন্দে মাতরম’-এর সঙ্গে গলা মেলাতেও শুরু করেন।

মুখ্যমন্ত্রীকে উঠে দাঁড়াতে দেখে প্রথমে কিছুটা হতভম্ব হয়ে যান মঞ্চে উপস্থিত অতিথিরা। পরে একে একে তাঁরাও উঠে দাঁড়ান। দর্শকরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে ‘বন্দে মাতরম’ সঙ্গীতে গলা মেলাতে শুরু করেন।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন অন্য মণ্ডপের মাইকের আওয়াজ যাতে তাঁদের মঞ্চে না পৌঁছয়, সেই উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন আয়োজকরা। তবে মুখ্যমন্ত্রীর অনিচ্ছায় সেই উদ্যোগ আর কার্যকর হয়নি। মাইকে ‘বন্দে মাতরম’ সঙ্গীত শেষ হওয়ার পর ফের শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের বাকি পর্ব।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করে একাধিক নির্দেশিকা জারি করেছে। অন্যান্য অনেক অনুষ্ঠানেও এই সঙ্গীত পরিবেশিত হয়ে থাকে। আর এবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে যুবশ্রীর কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’-কে সম্মান জানানোর এক অন্য নজির দেখা গেল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *