Last Updated:
Durga Puja Shopping: দুর্গাপুজোর আগে পূর্ব বর্ধমানের কালনায় সমুদ্রগড় গণেশচন্দ্র কর্মকার কাপড়ের হাটে উপচে পড়া ভিড়। সাশ্রয়ী দামে সুতি ও সিল্ক থেকে শুরু করে মসলিন ও পার্টি ওয়্যার শাড়ির বিশাল সমাহার মিলছে এখানে। সাধারণ বাজারের থেকে অনেক কম দামেই মিলছে শাড়ি।
কালনা, বনোয়ারীলাল চৌধুরী: পুজোর আর হাতে গোনা ক’দিন। তার আগেই জমে উঠেছে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের গণেশচন্দ্র কর্মকার তাঁত কাপড় হাট। পুজোর কেনাকাটায় এই হাটে এখন ক্রেতাদের ভিড়। শুধু পূর্ব বর্ধমান বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই নয়, ভিনরাজ্য থেকেও বহু ক্রেতা এই হাটে আসেন শাড়ি কিনতে। সাশ্রয়ী দামে বিভিন্ন ধরনের শাড়ি পাওয়ায় পুজোর বাজারে ক্রেতাদের কাছে এই হাটের আলাদা আকর্ষণ রয়েছে। ১৯৯৮ সালে পথচলা শুরু এই হাটের।
বৃহস্পতিবার ও রবিবার বসে কাপড়ের হাট। সোমবার ও শুক্রবার বসে রেডিমেড পোশাকের হাট। সময়ের সঙ্গে হাটের পরিধি যেমন বেড়েছে, তেমনই বদলেছে ক্রেতাদের পছন্দও। বর্তমানে তাঁতের শাড়ির পাশাপাশি বেনারস, সুরাত, বেঙ্গালুরু-সহ বিভিন্ন জায়গার নানা ধরনের শাড়ির কালেকশনও মিলছে এখানে। মসলিন, মাসরু, মোডাল থেকে শুরু করে পার্টি ওয়্যার! পুজোর কথা মাথায় রেখে রয়েছে বিভিন্ন ধরনের শাড়ির সম্ভার। হাট কর্তৃপক্ষ সুবীর কর্মকার বলেন, “আমাদের ৯৮ সালে হাট শুরু হয়।
বৃহস্পতিবার, রবিবার কাপড়ের হাট, আর হচ্ছে সোমবার শুক্রবার এক বছর পরেই রেডিমেড পোশাকের হাট শুরু হয়েছিল। এখন প্রচুর ভিড় হয়, দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন। বিভিন্ন ধরনের পোশাক, শাড়ি পাওয়া যায়। ভাল টাকার বেচাকেনা হয়।” এই হাটের অন্যতম আকর্ষণ কম দাম। সাধারণ ক্রেতাদের পাশাপাশি এখান থেকে পাইকারি দরে শাড়ি কিনে ব্যবসা করার সুযোগও রয়েছে। ফলে পুজোর আগে নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন এমন অনেকের কাছেও এই হাট হয়ে উঠতে পারে কেনাকাটার নতুন জায়গা।
অল্প পুঁজিতে বিভিন্ন ধরনের শাড়ি কিনে স্থানীয় বাজারে বিক্রি করার সুযোগ থাকায় ব্যবসায়ীদের মধ্যেও রয়েছে আগ্রহ। হাট কর্তৃপক্ষের দাবি, সমুদ্রগড় দীর্ঘদিন ধরেই তাঁতশিল্পের সঙ্গে যুক্ত। তাই তাঁতশিল্পের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি আধুনিক ক্রেতাদের পছন্দের বিভিন্ন ধরনের পণ্যও হাটে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তাঁদের আশা, পুজোর বাজারে এই হাটের বেচাকেনা আরও বাড়বে। পাশাপাশি সমুদ্রগড়েই আধুনিক ধরনের শাড়ি ও পোশাকের উৎপাদন পরিকাঠামো তৈরি হলে স্থানীয়দের জন্য আরও কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি হতে পারে।
