Headlines

Katwa Arrest: লোকাল ট্রেন থেকে নেমে টোটোয় উঠল দুই তরুণী, মাঝপথে আটকাল পুলিশ! ব্যাগ-সুটকেসে তল্লাশি করতেই কাটোয়ায় পর্দাফাঁস | পূর্ব বর্ধমান


Last Updated:

পুলিশি অভিযানে তরুণীদের পরিকল্পনা সফল হয়নি। পুলিশ টোটো চালকের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে।

কাটোয়ায় পুলিশের জালে দুই তরুণী৷ (এআই ব্যবহার করে তৈরি প্রতীকী ছবি৷)
কাটোয়ায় পুলিশের জালে দুই তরুণী৷ (এআই ব্যবহার করে তৈরি প্রতীকী ছবি৷)

রণজয় মুখোপাধ্যায়, কাটোয়া: লোকাল ট্রেন থেকে নেমে নির্দিষ্ট রুটেই টোটো ধরে এগোচ্ছিলেন দুই তরুণী৷ পুলিশ যে তাদের পিছু নিয়েছে, তা টের পাননি কেউই৷ মাঝপথে সেই টোটো আটকে তরুণীদের সঙ্গে থাকা ব্যাগ এবং স্যুটকেসে তল্লাশি করতেই উদ্ধার হল সাড়ে ১২ কেজি গাঁজা!

রবিবার সন্ধ্যা এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় কাটোয়ার নসিপুর বাজার এলাকায়৷ জানা গিয়েছে, ধৃত দুই তরুণীর নাম জাহানারা খাতুন এবং প্রীতি প্রামাণিক। জাহানারার বাড়ি উত্তর ২৪ পরগণার দেগঙ্গা থানার আফজানগর এবং প্রীতির বাড়ি দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর থানার শিকরবালি এলাকায়।

গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেল থেকেই দাঁইহাট স্টেশন চত্বর ঘিরে রেখে যাত্রীদের উপর নজরদারি চালাচ্ছিল সাদা পোশাকের পুলিশ৷ সন্ধ্যে নাগাদ ডাউন কাটোয়া- হাওড়া লোকাল ট্রেন থেকে দাঁইহাট স্টেশনে নেমে সন্দেহভাজন দুই সুবেশা তরুণী গাঁজা ভর্তি সুটকেস ও ব্যাকপ্যাক নিয়ে স্টেশন চত্বর থেকে নম্বর বিহীন একটি টোটোয় চেপে কাটোয়া-কালনা রাজ্য সড়কের দিকে এগোতে থাকে।

দাঁইহাট স্টেশন সংলগ্ন নসিপুর বাজারের কাছে পুলিশ যাত্রী সহ টোটোটিকে আটক করে। দুই তরুণীর সঙ্গে থাকা সুটকেস এবং ব্যাকপ্যাকে তল্লাশি করে গাঁজা ভর্তি ৬টি প্যাকেট উদ্ধার করে পুলিশ।পুলিশি তল্লাশির সময় অন্ধকারের মধ্যে টোটো চালক চম্পট দেয়। দুই তরুণীকেই গ্রেফতার করেছে পুলিশ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে ট্রেন পরিবর্তন করতে করতে জাহানারা ও প্রীতি রবিবার বিকেলের দিকে কাটোয়া স্টেশনে নামে। কাটোয়া থেকে হাওড়াগামী লোকালে উঠে দাঁইহাট স্টেশনে নেমে সড়ক পথে কাউকে গাঁজাভর্তি প্যাকেট তুলে দেওয়ার পরিকল্পনা ছিল। ধৃত দুই তরুণীকে জেরা করে পুলিশ জানতে চাইছে কাদের হাতে গাঁজা ভর্তি ব্যাগ তুলে দেওয়ার কথা ছিল তাদের। এই মাদক চক্রের মাথাকে ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *