Last Updated:
Uttarpara News: উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে সদ্যোজাত শিশুকে জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ উঠল ১৬ বছরের এক নাবালিকা মায়ের বিরুদ্ধে। কী ঘটে উত্তরপাড়ার হাসপাতালে?
উত্তরপাড়া: জানলা দিয়ে সদ্যোজাত শিশুকে নিচে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠল এক নাবালিকা মায়ের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির উত্তরপাড়ায়। উত্তরপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি নার্সিংহোমে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে পেটে ব্যথা নিয়ে বছর ষোলোর ওই নাবালিকাকে নার্সিংহোমে ভর্তি করেন তাঁর পরিবারের সদস্যরা। হাওড়ার বাসিন্দা ওই নাবালিকার পরিবারের দাবি, মেয়ে যে সন্তানসম্ভবা, তা তাঁরা জানতেন না। পেটে ব্যথা হওয়ায় তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল।
নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, শনিবার সকালে ওই নাবালিকা নিজে হেঁটে বাথরুমে যান। এরপরই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। এলাকার এক যুবক জানান, তিনি তখন নিজের কাজ করছিলেন। হঠাৎ উপর থেকে ধুপ করে কিছু একটা পড়ার শব্দ শুনতে পান। কাছে গিয়ে দেখেন, সদ্যোজাত একটি শিশু পড়ে রয়েছে। এরপর নার্সিংহোমের এক নার্স এসে তড়িঘড়ি শিশুটিকে তুলে নিয়ে চলে যান।
নার্সিংহোমের মালকিন সুচেতা মুখোপাধ্যায়ের দাবি, গতকাল রাত ১টা নাগাদ পেটে ব্যথা নিয়ে ওই নাবালিকাকে ভর্তি করা হয়েছিল। সকালে তার রক্ত পরীক্ষা করা হয়। এরপর পেটে ব্যথা কিছুটা বাড়লে সে নিজেই হেঁটে বাথরুমে যায়। সেখানেই নিজে শিশুটির জন্ম দেয় এবং পরে জানলা দিয়ে সদ্যোজাতকে ছুড়ে ফেলে দেয় বলে অভিযোগ নার্সিংহোম কর্তৃপক্ষের।
সুচেতা মুখোপাধ্যায়ের দাবি, নিজের গর্ভধারণের বিষয়টি গোপন রাখতে এবং সে স্বাভাবিক রয়েছে, তা প্রমাণ করতেই ওই নাবালিকা এমন কাণ্ড ঘটিয়েছে। তাঁর পরিবারের সদস্যরাও যে বিষয়টি জানতেন না, সেই দাবিও করেছেন তিনি। নার্সিংহোমে ভর্তির সময় পরিবারের সদস্যদের বারবার এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, এই ধরনের ঘটনা একপ্রকার অপরাধ। প্রশাসনের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া। পুরো ঘটনা খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ।

