Last Updated:
কলকাতা বিমানবন্দরে বড়সড় বিপত্তি! ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির সংকেত পেয়ে ট্যাক্সি বে থেকে ফিরিয়ে আনা হল কলকাতা-শিলংগামী ইন্ডিগোর বিমান। বিমানে ছিলেন ৬৭ জন যাত্রী, তিনজন কেবিন ক্রু এবং চারজন সাংসদ।
কলকাতা: কলকাতা বিমানবন্দরে বড়সড় বিপত্তি! ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, ৬৭ যাত্রী ও ৪ সাংসদকে নিয়ে ট্যাক্সি বে থেকে ফিরল ইন্ডিগোর বিমান। বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় মাঝপথেই বাতিল করতে হয় কলকাতা থেকে শিলংগামী বিমান। সোমবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে ৬৭ জন যাত্রী ও তিনজন কেবিন ক্রুকে নিয়ে শিলংয়ের উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বিমানটি। কিন্তু ট্যাক্সি বে-তে যাওয়ার পরই বিমানের ককপিটে ইঞ্জিন সংক্রান্ত ত্রুটির সঙ্কেত পান পাইলট। সঙ্গে সঙ্গে বিমানটিকে ফিরিয়ে আনা হয় পার্কিং বে-তে।
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, বিমানে মোট ৬৭ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে শিলংয়ের সাংসদ পি উইলসন-সহ আরও তিনজন সাংসদ ছিলেন। অর্থাৎ চারজন সাংসদ ওই বিমানে যাত্রা করছিলেন।
জানা গিয়েছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির (JPC) পাবলিক হিয়ারিংয়ে যোগ দিতে শিলং যাচ্ছিলেন ওই সাংসদরা। কিন্তু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বিমানটি আর যাত্রা করেনি। সংশ্লিষ্ট বিমান সংস্থার তরফে উড়ানটি বাতিল করা হয়।
হঠাৎ এই বিপত্তির জেরে যাত্রীদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। তবে সময়মতো ককপিটে ত্রুটির সংকেত শনাক্ত হওয়ায় বিমানটিকে নিরাপদে পার্কিং বে-তে ফিরিয়ে আনা সম্ভব হয়।

