Last Updated:
বাংলাতে শিল্পায়নের মাধ্যমে সেই সমস্ত পরিযায়ীদের এরাজ্যে ফিরিয়ে আনার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন নতুন বিনিয়োগ, শিল্পায়নের লক্ষ্যে নবান্নে প্রায় প্রতিদিনই উদ্যোগপতিদের সঙ্গে সাক্ষাৎ এসব চলছেই।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করাই নয়, এবার বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে নজিরবিহীন উদ্যোগ পুলিশের। ‘চাকরি মেলা’র মাধ্যমে নিয়োগ। সম্প্রতি ‘Job Fair’-এর আয়োজন করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। হাজার হাজার কর্মপ্রার্থী সেখানে অংশ নেন। তাতে যোগ্যতার নিরিখে ৬০০ জন যোগ্য কর্মপ্রার্থীকে বাছাই করেছে পুলিশ। চলতি মাসেই জেলার বিভিন্ন শিল্প ও অন্যান্য বেসরকারি সংস্থাতে নিয়োগ হতে চলেছে ৬০০ জন বেকার যুবক যুবতীর। যাদের যেমন যোগ্যতা তাদের তেমনি কাজের ব্যবস্থা করা হচ্ছে বলে দাবি জেলা পুলিশের। চলতি মাসের ১৫ তারিখ যোগ্যদের হাতে মেদিনীপুরে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকের হাতে তিনি নিজে নিয়োগপত্র তুলে দেবেন বলে জানিয়েছেন খোদ পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পরিবর্তনের সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই ভাতা নয়, এ রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের মাধ্যমে যাতে আয়ের সুযোগ করা যায়, সেই চেষ্টাই চালাচ্ছেন। বিগত সরকারের আমলে কাজ না পেয়ে অনেকেই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন।
বাংলাতে শিল্পায়নের মাধ্যমে সেই সমস্ত পরিযায়ীদের বাংলাতে ফিরিয়ে আনার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন নতুন বিনিয়োগ, শিল্পায়নের লক্ষ্যে নবান্নে প্রায় প্রতিদিনই উদ্যোগপতিদের সঙ্গে সাক্ষাৎ এসব চলছেই। ইতিমধ্যেই নতুন সরকারের হাত ধরে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শাসক দল বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও অন্যান্যদের উদ্যোগে প্রচুর বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। আগামী দিনেও সরকারের শিল্প ‘বন্ধু’ মনোভাবে প্রচুর নতুন নতুন শিল্প এবং রুগ্ন হয়ে থাকা শিল্পাঞ্চলগুলি ফের কর্মচঞ্চল হয়ে উঠবে বলে মত শিল্প মহলের। পূর্বতন তৃণমূল সরকারের আমলে শিল্পে শাসকের দাদাগিরি ও সিন্ডিকেটরাজ নিয়ে বারবারই সরব হতে দেখা যায় বঙ্গ বিজেপিকে। তবে পরিবর্তনের সরকার ও শাসক দল বিজেপি স্পষ্ট করেছে যে, শিল্পে কোনও দাদাগিরি বরদাস্ত করা হবে না।
শিল্পায়নের মূল লক্ষ্য তাদের কাছে যে বাংলার বেকারদের কর্মসংস্থান, একথাও স্পষ্ট করা হয়েছে মুখ্যমন্ত্রী থেকে শিল্পমন্ত্রী তাপস রায় কিংবা বঙ্গ পদ্ম সেনাপতি শমীক ভট্টাচার্যের তরফে। ‘‘শিল্পে পূর্বতন সরকারের সময় শ্মশানে পরিণত হওয়া বাংলাকে আমরা আবার চনমনে করতে চাই’’ বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী তাপস রায়। ঠিক এই আবহে এবার পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে ‘জব ফেয়ার’-এর মাধ্যমে বেকারদের নিয়োগ উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বলে মত অনেকেরই।

