Last Updated:
Durga Puja 2026: কলকাতার দুর্গা পুজোর মণ্ডপে শোভা পাবে কাটোয়ার শিল্পকর্ম! শিরিষ ও মেহগনি কাঠে তৈরি অগ্রদ্বীপের অক্ষয় ভাস্করের ১১টি দুর্গামুখ স্থান পাচ্ছে তিলোত্তমার মণ্ডপে। প্রায় দেড় মাস ধরে দিনরাত এক করে কাজ করে চলেছেন অগ্রদ্বীপের কাষ্ঠশিল্পী অক্ষয় ভাস্কর।
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: কাঠ কেটে তৈরি হচ্ছে মা দুর্গার মুখাবয়ব। এক-দুইটি নয়, তৈরি হচ্ছে ১১টি আলাদা ডিজাইনের কাঠের মুখাবয়ব। কাটোয়ার অগ্রদ্বীপের শিল্পী অক্ষয় ভাস্করের হাতের তৈরি এই দুর্গামুখগুলি এবার শোভা পাবে কলকাতার একটি দুর্গাপুজোর মণ্ডপে। ওই পুজোর ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫০ রকমের দুর্গামুখ দিয়ে মণ্ডপ সাজানোর পরিকল্পনা করা হয়েছে।
তারই অংশ হিসেবে ১১টি কাঠের দুর্গামুখ তৈরির দায়িত্ব পেয়েছেন অগ্রদ্বীপের এই শিল্পী। শিল্পী অক্ষয় ভাস্কর বলেন, “অনেক পরিশ্রম করে নিখুঁত ভাবেই এই কাজ করেছি। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।” প্রতিটি দুর্গামুখই হবে আলাদা নকশার। এর মধ্যে ১০টি সাধারণ দুর্গামুখ এবং একটি সিংহবাহিনী দুর্গার মুখ তৈরি করছেন শিল্পী। কাজে ব্যবহার করা হচ্ছে শিরিষ ও মেহগনি কাঠ।
প্রায় দেড় মাস ধরে চলছে এই কাজ। ইতিমধ্যেই অধিকাংশ কাজ শেষ হয়ে গিয়েছে, এখন চলছে শেষ মুহূর্তের ফিনিশিং। একটি দুর্গামুখের কাজ এখনও বাকি রয়েছে বলে জানিয়েছেন শিল্পী। শিল্পী অক্ষয় ভাস্কর আরও বলেন, “আমার তৈরি শিল্পকর্ম কলকাতার পুজো মণ্ডপে বহু মানুষ দেখবেন, আমার তো এতে বেশ ভাল লাগছে। তবে কাজ কেমন হয়েছে তার বিচার মানুষ করবে।”
অগ্রদ্বীপের শিল্পীর হাতে তৈরি এই কাঠের দুর্গামুখগুলি এবার জায়গা করে নেবে কলকাতার বড় পুজোর মণ্ডপসজ্জায়। কাঠ, টেরাকোটা, পেন্টিং, লোহা-সহ বিভিন্ন মাধ্যমে তৈরি ৫০ রকমের দুর্গামুখ দিয়ে সাজানো হবে মণ্ডপ। সেই আয়োজনে অক্ষয় ভাস্করের তৈরি ১১টি কাঠের দুর্গামুখও দর্শনার্থীদের নজর কাড়বে। নিজের তৈরি শিল্পকর্ম কলকাতার পুজোর মণ্ডপে জায়গা পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি অগ্রদ্বীপের এই শিল্পী।
