Last Updated:
পূর্ব বর্ধমানের কাটোয়ায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অলোকা ঘোষের বিরুদ্ধে খাবার চুরি, ডিম বাড়ি নিয়ে যাওয়া এবং শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ উঠেছে। অভিভাবক ও স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন এবং সিডিপিও তদন্তের আশ্বাস দিয়েছেন।
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে নানা সময়ে নানা অভিযোগ উঠেছে৷ কখনও খাবারে পাওয়ার গিয়েছে টিকটিকি, কখনও ইঁদুরের ল্যাজ৷ অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা থেকে চালের বস্তা পিছনের দরজা দিয়ে পাচার করে দেওয়ার অভিযোগও অহরহ শোনা যেত একসময়৷ এবার কাণ্ড ঘটল ডিম নিয়ে৷
মিড ডে মিল-এ ডিম দেওয়া আর না দেওয়া নিয়ে মাস খানেক আগেও তর্ক বিতর্কে সাড়া হয়েছিল গোটা রাজ্য৷ তারপরে বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ জানিয়ে দিয়েছিলেন সরকারি টাকায় হলেও ডিম পাবে সরকারি স্কুলে মিড ডে মিল খাওয়া পড়ুয়ারা৷
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে একাধিক অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল পূর্ব বর্ধমানের কাটোয়ার কদমপুকুর পূর্ব পাড়ায়। ২৩০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী অলোকা ঘোষের বিরুদ্ধে খাবার চুরি, ডিম ব্যাগে করে বাড়ি নিয়ে যাওয়া এবং ছোট ছোট শিশুদের দিয়ে জল আনানোর মতো একাধিক অভিযোগ তুলেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম চলছে। অভিযুক্ত কর্মীকে বদলির দাবিতে কেন্দ্রের সামনে বিক্ষোভও দেখান তাঁরা।
স্থানীয় বাসিন্দা বদরুন্নেসা বিবির অভিযোগ, রান্নার জন্য বরাদ্দ চাল, ডাল, সবজি ও তেল যথাযথভাবে ব্যবহার করা হয় না। বেঁচে যাওয়া খাবারও পরদিন ফেলে দেওয়ার অভিযোগ করেন তিনি। তাঁর আরও দাবি, ছোট শিশুদের দিয়ে জল আনানো হয় এবং খাবার নিতে আসা শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়।তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী অলোকা ঘোষ।
তাঁর দাবি, তিনি ১৬ বছর ধরে কাজ করছেন এবং এতদিন কোনও সমস্যা হয়নি। যে সংখ্যক শিশু খাবার নিতে আসে, সেই সংখ্যক শিশুরই নাম নথিভুক্ত করা হয় বলেও জানান তিনি। শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগও অস্বীকার করেছেন তিনি।পরিস্থিতির খবর পেয়ে সিডিপিও ঘটনাস্থলে এসে অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ শোনেন। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
