Headlines

Naihati Boro Maa: চোরবাগান কাণ্ড থেকে শিক্ষা, নৈহাটির বড়মার দর্শনে ভিড় নিয়ন্ত্রণে ওয়ান ওয়ে ব্যবস্থার পাশাপাশি থাকছে না কোন VIP কালচার! naihati-boroma-kali-puja-security-measures-lockgates-vip-visit culture-ban | উত্তর ২৪ পরগণা


Last Updated:

North 24 Parganas News: চোরবাগান কাণ্ডের পুনরাবৃত্তি রুখতে নৈহাটির বড়মার কালীপুজোয় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে ২২টি লকগেট, ওয়ান ওয়ে ব্যবস্থা এবং নো ভিআইপি কালচারের সিদ্ধান্ত নিল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন।

News18
News18

উত্তর ২৪ পরগনা: চোরবাগানের সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রুখতে নৈহাটির বড়মার কালীপুজোয় নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে একাধিক বড় পদক্ষেপ করল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। দর্শনার্থীদের ভিড় সামলাতে এ বার বড়মার মন্দির সংলগ্ন রাস্তায় বসানো হচ্ছে ২২টি লকগেট। একসঙ্গে যাতে অতিরিক্ত সংখ্যক মানুষ মন্দির চত্বরে প্রবেশ করতে না পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণে নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এ বারও ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নৈহাটির বড়মার পুজোয় প্রতি বছরই দূরদূরান্ত থেকে লক্ষাধিক ভক্তের সমাগম হয়। বিশেষ করে দণ্ডী কাটতে আসা পুণ্যার্থীদের ভিড়ে মন্দির সংলগ্ন সরু রাস্তাগুলিতে ব্যাপক চাপ তৈরি হয়। সেই পরিস্থিতি সামাল দিতে এ বার সম্পূর্ণ পরিকল্পিতভাবে ভিড় নিয়ন্ত্রণের রূপরেখা তৈরি করেছে প্রশাসন। ইতিমধ্যেই প্রস্তুতি খতিয়ে দেখতে মন্দির চত্বর পরিদর্শন করেছেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরীসারিয়া। তাঁর সঙ্গে ছিলেন ব্যারাকপুরের মহকুমা শাসক যাদব সূর্যভান আচ্ছেলাল, পুলিশ ও পুরসভার আধিকারিকরা। মন্দির চত্বরের পাশাপাশি নৈহাটি স্টেশন এবং সাবওয়েও ঘুরে দেখেন তাঁরা।

পরিদর্শনের পর জেলাশাসক জানান, মন্দিরে প্রবেশ এবং বেরোনোর জন্য সম্পূর্ণ আলাদা ওয়ান-ওয়ে লেন তৈরি করা হচ্ছে। ফলে সরু রাস্তায় বিপরীতমুখী জনস্রোতের মুখোমুখি হওয়ার আশঙ্কা অনেকটাই কমবে। বড়মার দর্শনে কোনও ভিআইপি ব্যবস্থা থাকছে না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, বিশেষ সুবিধার কোনও নির্দেশিকা নেই, সাধারণ মানুষের নিরাপত্তাই প্রশাসনের কাছে সর্বাধিক অগ্রাধিকার। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হবে এনডিআরএফ জওয়ানদেরও।

বড়মা পুজো কমিটির মুখপাত্র অনন্ত চট্টোপাধ্যায় জানিয়েছেন, ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতির দায়িত্ব প্রশাসনের উপরই ছেড়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে, এ বার নৈহাটির বড়মার দর্শনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আগেভাগেই কোমর বেঁধে নামছে জেলা প্রশাসন।

রুদ্র নারায়ণ রায়



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *