Last Updated:
ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের সংঘাতের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহণ ব্যাহত হচ্ছে৷
ভারত সহ চারটি দেশের জাহাজের যাতায়াতের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান৷ ভারত ছাড়াও চিন, কাতার এবং ইরাকের জাহাজকে এই সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে ইরান৷
হরমুজ প্রণালী খুলে দেওয়ায় ভারতে জ্বালানির জোগানের সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে৷ ইরান জানিয়েছে, এই দেশগুলির সঙ্গে তাদের নিজেদের স্বার্থও জড়িয়ে রয়েছে৷ যেমন ভারত থেকে বিপুল পরিমাণ ওষুধ আমদানি করে ইরান৷ সেই কারণেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল৷
একই ভাবে চিনের থেকে রাজনৈতিক সমর্থন পাওয়ার আশাতেই সেদেশের বাণিজ্যিক জাহাজগুলিকেও হরমুজ প্রণালী ব্যবহারের ছাড়পত্র দিয়েছে তেহরান৷ ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতি বিষয়ক কমিটির ডেপুটি চেয়ারম্যান আমির হায়াত মোগহাদাম সোমবার ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ)-কে দেওয়া সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন৷
ইরানের ওই আধিকারিক বলেন, এই মুহূর্কে চারটি দেশের জাহাজকে আমরা হরমুজ প্রণালী ব্যবহার করে যাতায়াতের ছাড়পত্র দিয়েছি- ভারত, চিন, কাতার এবং ইরাক৷ এই চারটি দেশের জাহাজ নির্বিঘ্নে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করতে পারবে৷ আমেরিকাও এই দেশের জাহাজগুলিকে বাধা দেয় না৷ একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, পারস্পরিক স্বার্থের কথা মাথায় রেখেই এই চারটি দেশের জাহাজকে হরমুজ ব্যবহারের ছাড়পত্র দেওয়া হল৷

