Last Updated:
Durga Puja 2026: বন্দে ভারত ট্রেনের কামরায় চড়ে কাশ্মীরের বরফাবৃত ভূ-স্বর্গের আবহে মা দুর্গার দর্শন! বর্ধমান শহরের অরবিন্দপল্লী সুভাষ অ্যাথলেটিক ক্লাবের ‘বাহন বন্দে ভারত, ভূ-স্বর্গে মা’ থিম এবার দর্শনার্থীদের মাঝে দারুণ কৌতূহল ও উন্মাদনা তৈরি করেছে।
বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা তো চেনা অভিজ্ঞতা। কিন্তু এবার যদি বন্দে ভারত ট্রেনে চেপেই পৌঁছে যাওয়া যায় মা দুর্গার কাছে! এমনই অভিনব ভাবনায় বর্ধমান শহরের অরবিন্দপল্লী সুভাষ অ্যাথলেটিক ক্লাবের পুজোয় এবার দর্শনার্থীদের ঢল। মণ্ডপের বাইরে দাঁড়িয়ে ট্রেনে চাপা, তারপর সেই ট্রেনে চেপেই প্রবেশ কাশ্মীরের আবহে সাজানো মণ্ডপে। সেখানে ভূ-স্বর্গের পরিবেশে মা দুর্গার দর্শন। পুজোর আনন্দের সঙ্গে বন্দে ভারত ট্রেনে চড়ার অভিজ্ঞতা, দুইয়ের মেলবন্ধনে নজর কেড়েছে এই পুজো।
ক্লাবের সদস্য সুরজিৎ দাস বলেন, “আমরা এতদিন কাশ্মীরকে দেখে এসছি একটি রক্তাক্ত জায়গা থেকে। হিংসা, খুন, এইসব থেকে। কিন্তু এখন বিগত কিছু বছর ধরে আমরা কাশ্মীরকে একটি শান্তির প্রতীক হিসেবে দেখতে পাচ্ছি। কাশ্মীরের যে প্রাকৃতিক সৌন্দর্য, তার যে নানা রকম ন্যাচারাল জিনিস, সেই জিনিসটিকেই আমরা তুলে ধরতে চেয়েছি। এটা আমাদের প্যান্ডেলের একটি মূল আকর্ষণ। আমাদের দ্বিতীয় মূল আকর্ষণ হচ্ছে আমাদের যে বন্দে ভারত, যেটা আমাদের সরকার কিছু বছর ধরে চালিয়েছে, সেটিকে আমরা একটা রেপ্লিকা কপি এখানে করেছি। যারা দর্শনার্থী, তারা বন্দে ভারত থেকে চেপে আসছেন, আমাদের মণ্ডপ দর্শন করছেন এবং তারপরে বাহির পথ দিয়ে বেরিয়ে যাচ্ছেন।”
‘বাহন বন্দে ভারত, ভূ-স্বর্গে মা’ এই নামেই এবারের থিম সাজিয়েছে পুজো কমিটি। উদ্যোক্তাদের দাবি, বর্ধমান শহরে এমন ভাবনা এই প্রথম। তুলো, বাঁশ, কাপড়-সহ বিভিন্ন উপকরণ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে কাশ্মীরের আবহ। আর গোটা ভাবনার অন্যতম আকর্ষণ বন্দে ভারত ট্রেনের প্রতিরূপ, যা আনা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা থেকে। দর্শনার্থীরা ট্রেনে চেপে মণ্ডপে ঢুকছেন, মা দুর্গার দর্শন করে বেরিয়ে যাচ্ছেন অন্য পথ দিয়ে। প্রায় চার লক্ষ টাকা বাজেটের এই পুজোয় প্রতিমা ও মণ্ডপসজ্জার দায়িত্ব সামলেছেন বর্ধমানের শিল্পীরা।
দর্শনার্থী শ্রেয়সী বিশ্বাস বলেন, “ভীষণ ভাল লাগল। মানে অল্পক্ষণ একটু ছোঁয়া পেলাম বন্দে ভারতের। যেহেতু আমি চাপিনি এখনো অবধি, তো হালকা একটুখানি স্পর্শ পেলাম বন্দে ভারতের। তো খুব ভাল লাগল।”সব মিলিয়ে, এবার বর্ধমানের দুর্গাপুজোয় শুধু প্রতিমা দর্শন নয়, বন্দে ভারত ট্রেনে চড়ার অভিজ্ঞতাও উপভোগ করছেন মানুষ। অভিনব এই আয়োজন ঘিরে দর্শনার্থীদের উৎসাহ আর মণ্ডপের সামনে দীর্ঘ লাইন বুঝিয়ে দিচ্ছে, চেনা পুজোর আনন্দে নতুনত্বের ছোঁয়া দিতে পেরেছে অরবিন্দপল্লী সুভাষ অ্যাথলেটিক ক্লাব।
